আমার ঘন যামিনীর মাঝে(৫)

 হলুদ জবা

---

আলোর রঙে আজ হলুদ জবা ফুটেছে। এ রঙ জীবনের। 

এত সরল, এত সুন্দর!

হালকা নরম পাপড়ি তার, ভালোবাসার মত। হলুদ জবা জীবনের রঙ।

আনন্দ

---

আনন্দ এক আশ্চর্য প্রদীপের নাম। সে প্রদীপের ঘিটুকুর নাম জীবন।

ভোরের সূর্যের সাথে প্রদীপটি জ্বলে ওঠে আর নিভে যায় কোন এক অনন্তসন্ধ্যায়। মাঝের সময়টুকু সে আনন্দের ঝর্ণাধারায় গান গেয়ে গেয়ে নুড়িপাথরে টুংটাং বেজে চলে। আনন্দ জীবনের নাম।

আমাদের পপি

---

সকাল থেকে তারস্বরে চেঁচাচ্ছে পপি পাশের বাসার নীল প্লাস্টিকে মোড়া কাঠের গাদার দিকে তাকিয়ে। কিচ্ছু নজর এড়ায় না ওর। প্রতিবেশী কাল বিকালে বৃষ্টি আসবে বলে মুড়িয়েছে ওগুলো। এঘর থেকে ওঘর দৌঁড়ে আমার বকা খেয়ে এখন চুপটি করে আমার পায়ের কাছে এসে বসেছে পপি। মুখ কাঁচুমাচু করে। ছাত্র রাজনীতি করা নেতাদের মত লাগছে দেখতে এখন ওকে। নিষ্পাপ!

মেঘ করেছে আকাশে। বৃষ্টি নামবে। কুকুরের জন্য বুকের ভিতর চুলবুলি কাটা ভালোবাসাও অঝোরে। 

 

একা

---

আকাশের চাঁদ একা। কিন্তু সে দু:খী নয়। বরং তার সোনালি আলোয় পৃথিবী ভেসে যায়। 

যে মানুষ একা, সেও দু:খী নয়। তারও আলো আছে ছড়িয়ে দেওয়ার জন্য।

Comments