আমার ঘন যামিনীর মাঝে(৪)

কুর্চিফুল

---

ঝিরঝির করে বৃষ্টি ঝরছে। কাদা হ'য়ে গেছে ঘরের আঙিনা। চালের গুঁড়ো দিয়ে দেওয়া সাদা আলপনা মুছে গেছে। মেয়েটি উঠোনে বের হ'য়ে পা পিছলে পড়ে গেল। এসব আজকের গল্প নয়, ছেলেবেলার কথা। সেই ছেলেবেলা যেখানে বসন্তে কুর্চি ফুটত। 

কুর্চিফুল আজও ফোটে কীনা মেয়েটির জানা নেই। কুর্চিফুলের রঙ সাদা কীনা মেয়েটির মনে নেই। 

ছেলেবেলার আনন্দ জলরঙে ধোওয়া।


কৃষ্ণচূড়া

---

কৃষ্ণচূড়ার পায়ের কাছে দূর্বাঘাস। নরম। সেদিন দেখেছিলাম সেখানে চড়ুইপাখি দানা খাচ্ছে। গাছের মাথায় লাল ঝাঁকড়া ফুল। তার ওপাড়ে আকাশ। 

এ কৃষ্ণচূড়া গাছটা আমি তিরিশ বছর আগে দেখেছিলাম। আজ স্বপ্নের ভিতর ফুল ফুটছে।


রঙ

---

সবচেয়ে সুন্দর রঙ কী? সূর্যের রঙ নাকি মেঘের? সূর্যাস্তের রঙ নাকি সূর্যোদয়ের? 

সবচেয়ে সুন্দর রঙ মনের। আর চোখের। তা দিয়েই তো আমরা রঙ দেখি। অনন্তের।


নিমফল

---

নিমফলের মধু পাখি খায়। মানুষ পায় না। হালকা সবুজ ফল। অনেক সময় মেয়ের বিয়ের শাড়িতে নিমফলের রঙ থাকে  জরি দিয়ে।

আনন্দের রঙ নিমফলের। স্বচ্ছ।


মৃত্যুভয়

---

মৃত্যুভয় চকমকি পাথরের মত নয়। মৃত্যুভয় কালো। বড় বেশি কালো। হাতের তালুর ভিতর যখন তা আলকাতরা রঙে লেপ্টে থাকে, তখন মনে হয় জীবন এত সুন্দর! 

তবু সব সুন্দর মানুষ পায় না।


শেষ বাগান

---

গাছের কষ্ট কিছু মানুষ বোঝে। সকলে বোঝে না। 

মেয়েটির বাগানে এ বছর অনেক ফুল। জারবেরা গাছটা প্রতি বছর বরফের আগে টেনে টেনে ঘরে নিয়ে গেছে ও। বহু বছর পর গাছ ঝেঁপে ফুল এসেছে। সুইট পি প্রতি বছর লাগায় ও। কিন্তু জানিনা কেন গত তেইশ বছরে কোনদিন ফুল ফোটেনি ওর গাছে। এ বছর জাম রঙের সুইট পি ফুটেছে। কী আশ্চর্য সে রঙ! নেদারল্যান্ড থেকে ও ট্রি লিলির বালব এনেছিল। পাঁচ ফুট গাছে সাদা আর হলুদ মিশেলে লিলি ফুটে আছে। কোথা থেকে এক মধুমঞ্জরী জোগাড় করেছিল। বরফের দেশে সে গাছেও কলি এসেছে। 

মেয়েটি হেঁটে চলে যাচ্ছে। ওর গাছে জল দেওয়ার কেউ নেই। প্রেতাত্মাদের নিয়ে চারপাশে মৃত গাছের কবর। 

এ বাগানটি ছিল মেয়েটির শেষ বাগান।


ঝরে যাওয়া চাঁদ

--- 

বিছানায় শুয়ে শুয়ে জানালা দিয়ে মেয়েটি হলুদ চাঁদটা দেখে। চাঁদের মায়া সুন্দরী মেয়ের মুখকেও হার মানায়। বুকের ভিতর টান ধরে। 

মনে পড়ে ও হেনরীর 'দ্য লাস্ট লিফ' গল্পের কথা। শিল্পী নিজের জীবন দিয়ে শেষ অবনিশ্বর পাতা এঁকে দিল। আর তাতে সেই অসুস্থ মেয়েটি বেঁচে উঠল। 

মেয়েটির আকাশের হলুদ চাঁদ ঝরে যাচ্ছে। ওর আকাশে কে চাঁদ এঁকে দেবে?



Comments